(১১) ওহে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো! তোমরা তোমাদের উপরে আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো, যখন এক দল লোক তোমাদের বিরুদ্ধে হাত বাড়াতে চেয়েছিলো, তখন আল্লাহ তোমাদের বিরুদ্ধে তাদের হাতকে প্রতিহত করলেন। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। বস্তুত আল্লাহর উপরেই বিশ্বাসীদের নির্ভর করা উচিত। (৫. আল মায়েদাহ : ১১)
- ব্যাখ্যা
(১২) আল্লাহ অবশ্যই ইসরাঈলের সন্তানদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন। আমি তাদের মধ্যে থেকে বারোজন দলপতি নিযুক্ত করেছিলাম। আল্লাহ তাদেরকে বলেছিলেন যে, “নিশ্চয় আমি তোমাদের সঙ্গে রয়েছি, যদি তোমরা নামায প্রতিষ্ঠিত করো ও যাকাত আদায় করো আর তোমরা আমার রসূলদের প্রতি বিশ্বাস করো ও তাঁদেরকে সমর্থন করো আর তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও, তাহলে আমি অবশ্যই তোমাদের থেকে তোমাদের সব পাপ দূর করে দিবো ও আমি অবশ্যই তোমাদেরকে এমন বেহেশতে প্রবেশ করাবো, যার নিচ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত হয়। কিন্তু তোমাদের মধ্যে থেকে যে কেউ এরপরেও আল্লাহর প্রতি অবিশ্বাস করবে, তাহলে সে অবশ্যই সরল পথ থেকে পথভ্রষ্ট হয়ে যাবে।” (৫. আল মায়েদাহ : ১২)
- ব্যাখ্যা
(১৩) তারপর তাদের অঙ্গীকার ভঙ্গ করার কারণে, আমি তাদেরকে অভিশাপ করেছিলাম আর তাদের অন্তর সমূহকে কঠিন করে দিয়েছিলাম। তারা আল্লাহর বাণী সমূহকে তার প্রকৃত স্থান থেকে সরিয়ে দেয়। তাদেরকে যা নির্দেশ দেওয়া হয়েছিলো, সেই সবের মধ্যে থেকে একটি বড় অংশ তারা ভুলে গিয়েছে। আপনি সর্বদাই তাদের কোনো না কোনো প্রতারণা সম্পর্কে অবগত হতে থাকবেন। তাদের মধ্যে অল্প কয়েকজন ছাড়া বাকি সবাই প্রতারক। সুতরাং আপনি তাদেরকে ক্ষমা করুন ও তাদেরকে উপেক্ষা করুন। নিশ্চয় আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন। (৫. আল মায়েদাহ : ১৩)
- ব্যাখ্যা