অনিচ্ছাকৃত হত্যায়ও বাদীপক্ষই প্রথমত কসম করবে। তারা নিজেদের দিয়াতের অংশ অনুপাতে কসম করবে, পঞ্চাশ কসম। যেমন মৃত ব্যক্তির এক ছেলে আর তিন কন্যা রয়েছে। এখানে ছেলের দুই অংশ আর তিন কন্যার তিন অংশ- মোট পাঁচ অংশ হল। পঞ্চাশকে পাঁচ ভাগ করলে প্রতি অংশে দশ কসম এল। যেহেতু ছেলে দুই অংশ পাবে, অতএব তাকে বিশ কসম করতে হবে আর প্রত্যেক কন্যা করবে দশ কসম।
যদি কসমে ভগ্নাংশ এসে পড়ে তা হলে যার উপর ভগ্নাংশের অংশ বেশি পড়বে তার অংশেই পূর্ণ কসম বর্তাবে। যেমন মৃত ব্যক্তি মা ও পিতা রেখে গেল। যেহেতু মা ১/৩ অংশের মালিক, পঞ্চাশকে তিন ভাগ করলে ১৬ ২/৩ প্রতি অংশে আসে। যেহেতু ২/৩ ভগ্নাংশের বেশি অংশ, অতএব মার অংশে ১৭ কসম আসবে আর অবশিষ্ট ৩৩ কসম পিতার অংশে পড়বে।
মালিক (র) বলেন, নিহত ব্যক্তির ওয়ারিস যদি শুধু নারীই হয় তা হলে তারাই কসম করে দিয়াত (রক্তপণ) গ্রহণ করবে।
আর যদি নিহত ব্যক্তির ওয়ারিস শুধু একজন পুরুষ হয় তবে সে একাই পঞ্চাশ কসম করে দিয়াত গ্রহণ করবে।