হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দুটি গুণ জান্নাতে নিয়ে যাবে, সেগুলো উচ্চারণে খুবই সহজ এবং আমলে খুবই কম।” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, “হে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! ওই দুটি জিনিস কী?” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “একটি হলো, প্রতিটি ফরজ নামাজের পর দশবার আলহামদু লিল্লাহ, আল্লাহু আকবার, সুবহান আল্লাহ বলা। আর দ্বিতীয়টি হলো, যখন তুমি ঘুমাতে যাবে, তখন একশবার সুবহান আল্লাহ, আল্লাহু আকবার এবং আলহামদু লিল্লাহ বলা। যদি তুমি পাঁচ ওয়াক্ত নামাজে এবং রাতে এই শব্দগুলোর সংখ্যা যোগ করো, তাহলে তুমি তোমার জিহ্বা দিয়ে আড়াইশ বার এই শব্দগুলো বলবে, কিন্তু আমলের পাল্লায় তা আড়াই হাজারের সমান হবে। এখন, তোমাদের মধ্যে কে দিনরাত দশ হাজার পাপ করবে?” সাহাবাগণ রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, “এই কথাগুলো কীভাবে আমলকারীর জন্যে খুব কম?” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “শয়তান তোমাদের কারো কাছে নামাযের সময় আসে এবং তাকে বিভিন্ন কাজের কথা স্বরণ করায়, কিন্তু সে সেগুলোতে বিভ্রান্ত হয়ে পড়ে এবং এই শব্দগুলো বলতে পারে না। একইভাবে, সে ঘুমন্ত অবস্থায় তার কাছে আসে এবং তাকে এভাবে ঘুম পাড়িয়ে দেয়, আর সে তখন এই শব্দগুলোও বলতে পারে না।” সায়্যিদুনা আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, “আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই শব্দগুলো আঙুলে গুনতে এবং সেগুলো পড়তে দেখেছি।”