হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
বদর যুদ্ধের দিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরাইশদের লাশ পড়ে থাকা কূপের কাছে এসে দাঁড়ালেন এবং প্রত্যেককে নাম ধরে ডাকলেন এবং বললেন, “হে আবু জেহেল ইবনে হিশাম! হে উতবাহ ইবনে রাবিয়াহ! হে শিবা বিন খালফ! আল্লাহ তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা সত্য পেয়েছো তো? আমি তো আল্লাহ আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা নিশ্চিতই সত্য পেয়েছি।” উমার রাদিয়াল্লাহু আনহু বললেন, “ইয়া রসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যারা লাশে পরিণত হয়েছে, তাদের সাথে আপনি কথা বলছেন?” রসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “আমার কথা তোমাদের চেয়েও ওরা ভালো শুনতে পাচ্ছে। তবে তারা সাড়া দিতে পারছে না।”
ইয়াহিয়া বলেন যে, যখন সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি জানতে পারলেন, তিনি বললেন, “আল্লাহ আবু আবদুর রহমানকে মাফ করে দিন। এটা হচ্ছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা কূপের পাশে দাঁড়িয়ে যাতে বদরের দিন নিহত কাফিরদের লাশ নিক্ষিপ্ত হয়েছিলো, তাদেরকে সম্বোধন করে যেরূপ বলেছিলেন। তিনি তাদের সম্পর্কে বলেছিলেন, আমি যা কিছু বলছি, তারা অবশ্যই তা শুনতে পাচ্ছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা বলেছেন, তার সঠিক তাৎপর্য হচ্ছে এই, আমি যা কিছু তাদেরকে তাদের জীবদ্দশায় বলেছিলাম, তারা এখন ভালোভাবে তা অনুধাবন করেছে যে, তা সম্পূর্ণ ন্যায়সঙ্গত ও সত্য।” অতঃপর তিনি (আয়িশাহ) এই আয়াত গুলো তিলাওয়াত করলেন,
فَإِنَّكَ لَا تُسۡمِعُ ٱلۡمَوۡتَىٰ وَلَا تُسۡمِعُ ٱلصُّمَّ ٱلدُّعَآءَ إِذَا وَلَّوۡاْ مُدۡبِرِينَ٥٢নিশ্চয় আপনি মৃতদেরকে কুরআনের আহবান শুনাতে পারবেন না। আর আপনি বধিরকেও কুরআনের আহবান শুনাতে পারবেন না, যখন তারা পিঠ ফিরিয়ে চলে যায়। (৩০. আর রূম : ৫২)
وَمَا يَسۡتَوِي ٱلۡأَحۡيَآءُ وَلَا ٱلۡأَمۡوَٰتُۚ إِنَّ ٱللَّهَ يُسۡمِعُ مَن يَشَآءُۖ وَمَآ أَنتَ بِمُسۡمِعٖ مَّن فِي ٱلۡقُبُورِ٢٢আর জীবিত ও মৃত একসমান নয়। নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা শুনিয়ে থাকেন। আর যারা কবরের মধ্যে রয়েছে, আপনি তাদেরকেও শুনাতে সক্ষম নন। (৩৫. ফাতির : ২২)
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ কথাটা তখন বলেছিলেন যখন তারা জাহান্নামে নিজ ঠিকানায় পৌছে গেছে।