হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাকাতের বিস্তারিত বিবরণ লিখেছিলেন। কিন্তু তাঁর গভর্নরদের কাছে পাঠানোর আগেই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্তেকাল করেন। হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার ইন্তেকালের আগ পর্যন্ত এটি অনুসরণ করতে থাকেন। তারপর হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুও এটি অনুসরণ করতে থাকেন, যতক্ষণ না, তিনি মারা যান। এই লেখায় লেখা ছিলো যে, পাঁচটি উটের জন্যে একটি ছাগল, দশটির জন্যে দুটি ছাগল, পনেরটির জন্যে চারটি এবং পঁচিশটির জন্যে একটি ছাগল ওয়াজিব হবে। আবদুল্লাহ ইবনে আহমাদ বলেন যে, আমার পিতা বলেন, আমি যখন এ পর্যায়ে পৌঁছলাম, তখন উবাদ ইবনে আওয়ামের সমাবেশে আমাকে একটি অজুহাত দেওয়া হলো। আমি হাদীসটি সম্পূর্ণরূপে লিখে রাখলাম, কিন্তু আমার মনে হয়, আমি এর কিছু অংশ বুঝতে পারিনি। তাই আমি হাদিসের বাকী অংশে সন্দেহ পোষণ করলাম, তাই আমি তা লিখা পরিত্যাগ করলাম।
সালিম রাদিয়াল্লাহু আনহু হতে তাঁর পিতার থেকে বর্ণিত আছে যে, সাদকা (যাকাত) প্রসঙ্গে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি ফরমান (অধ্যাদেশ) লিখালেন। তার কর্মচারীদের নিকটে এটা পাঠানোর আগেই তিনি মারা যান। তিনি এটা নিজের তরবারির সাথে রেখেছিলেন। তার মৃত্যুর পর আবূ বক্কর রাদিয়াল্লাহু আনহু তা কার্যকর করেন। তিনিও মারা যান। উমার রাদিয়াল্লাহু আনহুও সে অনুযায়ী কাজ করেন। তারপর তিনিও মারা যান। তাতে লেখা ছিলো, পাঁচটি উটের জন্যে একটি বকরী, দশটি উটের জন্যে দুটি বকরী, পনেরটি উটের জন্যে তিনটি বকরী এবং বিশটি উটের জন্যে চারটি বকরীর যাকাত আদায় করতে হবে। পঁচিশ হতে পঁয়ত্রিশ পর্যন্ত উটের জন্যে একটি বিনতু মাখায (একটি পূর্ণ এক বছরের মাদী উট); এর বেশি হলে পঁয়তাল্লিশ পর্যন্ত (ছত্রিশ হতে পঁয়তাল্লিশ পর্যন্ত) উটের জন্যে একটি বিনতু লাবুন (একটি পূর্ণ দুই বছরের মাদী উট); এর বেশি হলে ষাট পর্যন্ত (ছিচল্লিশ হতে ষাট পর্যন্ত) উটের জন্যে একটি হিক্কাহ (একটি পূর্ণ তিন বছরের মাদী উট); আবার এর বেশি হলে পঁচাত্তর পর্যন্ত (একষট্টি হতে পঁচাত্তর পর্যন্ত) উটের জন্যে একটি জাযাআহ (একটি চার বছরের মাদী উট); আরো বেশি হলে নব্বই পর্যন্ত (ছিয়াত্তর হতে নব্বই পর্যন্ত) উটের জন্যে দুইটি বিনতু লাবূন; আরো বেশি হলে একশত বিশ পর্যন্ত (একানব্বই-একশত বিশ) উটের জন্য দুইটি হিক্কাহ এবং যখন একশত বিশের বেশি হবে তখন প্রতি পঞ্চাশ উটের জন্য একটি হিক্কাহ এবং প্রতি চল্লিশ উটের জন্য একটি বিনতু লাবূন যাকাত আদায় করতে হবে। ভেড়া বকরীর যাকাত হলো, চল্লিশ হতে এক শত বিশ পর্যন্ত বকরীর জন্যে একটি বকরী; এর বেশি হলে দুইশত পর্যন্ত দুটি বকরী; এর বেশি হলে তিনশত পর্যন্ত বকরীর জন্যে তিনটি বকরী; তিনশর বেশি হলে প্রতি একশত বকরীর জন্যে একটি করে বকরী যাকাত আদায় করতে হবে। তারপর বকরীর পরিমাণ আবার একশত পর্যন্ত না পৌছালে (পুনরায়) কোনো যাকাত দিতে হবে না। যাকাতের ভয়ে (একাধিক মালিকানায়) বিচ্ছিন্নগুলোকে একত্র করা এবং একত্রগুলোকে বিচ্ছিন্ন করা যাবে না। এক সাথে দুই শরীকের পশু থাকলে প্রত্যেকে নিজ নিজ অংশের হিসাব করে সঠিকভাবে যাকাত আদায় করবে। যাকাতে বৃদ্ধ এবং ক্রটিযুক্ত পশু গ্রহণ করা হবে না।