হজরত সালিম ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু নিজের জমি বর্গা দিতেন। পরে তার কাছে এ সংবাদ পৌঁছল যে, রাফি ইবনু খাদীজ আনসারী রাদিয়াল্লাহু আনহু জমি বর্গা দিতে নিষেধ করে থাকেন। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাঁর সাথে দেখা করে জিজ্ঞেস করেন, “হে ইবনু খাদীজ! জমি বর্গার ব্যাপারে আপনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে কি হাদীস বর্ণনা করেছেন?” রাফি ইবনু খাদীজ রাদিয়াল্লাহু আনহু আবদুল্লাহকে বললেন, আমি আমার দুজন চাচার নিকট শুনেছি- যাঁরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তারা পরিবার-পরিজনের নিকট বর্ণনা করেন যে, “রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জমি বর্গা দিতে নিষেধ করেছেন।” আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, “রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামর সময়ে আমি ভাল করেই জানতাম যে, জমি বর্গা দেয়া যায়।” এরপর আবদুল্লাহ ভীত হলো যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হয়তো এমন কিছু বলেছেন, যা তিনি জানতে পারেননি। সুতরাং তিনি জমি বর্গা দেওয়া ত্যাগ করেন।