হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
একদা আমরা শুক্রবার সন্ধ্যায় মসজিদে নববীতে বসেছিলাম। এমন সময় এক আনসারী (আজলান গোত্রের ওয়াইমির আজলানী) এসে বললো, “কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে অপর কোনো ব্যক্তিকে (অপকর্মে লিপ্ত) পেয়ে তাকে হত্যা করে, তাহলে তোমরা তাকে হত্যা করবে! আর যদি যেনার অপবাদ দেয়, তাহলে তোমরা তাকে অবশ্যই বেত্রাঘাত করবে। আল্লাহর শপথ! আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে বিষয়টি তুলে ধরবো।” অতএব সে তা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে পেশ করলে আল্লাহ তাআলা লিয়ান সংক্রান্ত আয়াত নাযিল করেন। সর্বপ্রথম এই ব্যক্তিই এই ধরনের পরীক্ষায় পতিত হয়েছিলো। অতঃপর লোকটি তার স্ত্রীর প্রতি যেনার অপবাদসহ হাযির হলে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের উভয়কে লিয়ান করান। আর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “হয়তো সে একটি কৃষ্ণকায় সন্তান প্রসব করবে।” পরে সে একটি কৃষ্ণকায় ও কোঁকড়ানো চুলবিশিষ্ট একটি বাচ্চা প্রসব করে।