হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে লোক সবার শেষে জাহান্নাম থেকে বেরিয়ে আসবে, আমি তাকে জানি। সে নিতম্বের উপর ভর দিয়ে জাহান্নাম থেকে হেঁচড়িয়ে বের হয়ে আসবে। সে বলবে, ‘হে প্রভু! জান্নাতের জায়গাগুলো তো মানুষজন দখল করে নিয়েছে’।” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তাকে বলা হবে, ‘তুমি জান্নাতের দিকে অগ্রসর হও এবং তাতে প্রবেশ করো।’ তখন সে জান্নাতে প্রবেশের উদ্দেশ্যে অগ্রসর হবে এবং দেখতে পাবে যে, সম্পূর্ণ জায়গা মানুষজন দখল করে নিয়েছে। সে ফিরে এসে বলবে, ‘হে প্রভু! সমস্ত জায়গা তো মানুষজন দখল করে নিয়েছে’!” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তাকে বলা হবে, ‘তোমার ঐ সময়ের কথা স্মরণ আছে কি, যাতে তুমি অবস্থান করছিলে?’ সে বলবে, ‘হ্যাঁ স্মরণ আছে।’ বলা হবে, ‘তুমি আকাঙ্ক্ষা করো।’ সে তখন আকাঙ্ক্ষা পেশ করবে। বলা হবে, ‘তুমি যা আকাঙ্ক্ষা করেছো তা দেয়া হলো, তদুপারি দুনিয়ার দশ গুণ দেয়া হলো’।” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এ কথা শোনার পর সে বলবে, ‘আপনি বাদশাহ হয়ে আমার সাথে উপহাস করছেন’?” (কথিত আছে যে, এই ব্যক্তি হবে সকল জান্নাতীদের মধ্যে সর্বনিম্ন মর্যাদার ব্যক্তি।) হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, “এ কথা বলার পর আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হাসতে দেখলাম, এমনকি তাঁর মুখের দাঁত প্রকাশিত হলো।”