আলী ইবনে আবী তালিব থেকে বর্ণিতঃ
উমর রাদিয়াল্লাহু আনহু এর নিকট এক মহিলাকে আনা হলো। সে ব্যভিচার করেছিল। তিনি তাকে পাথর মেরে হত্যা করার নির্দেশ দিলেন। লোকেরা তাকে পাথর মেরে হত্যা করার জন্য নিয়ে গেল। তাদের সাথে আলী রাদিয়াল্লাহু আনহু এর সাক্ষাত হলো। তিনি বললেন, এই মহিলার কী ব্যাপার? লোকেরা বললো, সে ব্যভিচার করেছে। উমর রাদিয়াল্লাহু আনহু তাকে পাথর মেরে হত্যা করার হুকুম দিয়েছেন। তৎক্ষণাত আলী রাদিয়াল্লাহু আনহু উক্ত মহিলাকে তাদের হাত থেকে ছিনিয়ে নিলেন এবং লোকদেরকে ফেরত পাঠালেন। লোকেরা উমর রাদিয়াল্লাহু আনহুর নিকট ফিরে গেল। উমার রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, তোমাদেরকে কে ফিরালো? তারা বললো, আলী রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে ফিরালেন। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আলী রাদিয়াল্লাহু আনহু এ কাজ নিশ্চয়ই এমন কোন জিনিসের ভিত্তিতে করেছেন, যা তিনি জানতেন।
অতঃপর তিনি আলী রাদিয়াল্লাহু আনহুএর নিকট বার্তা পাঠালেন। আলী রাদিয়াল্লাহু আনহু কিছুটা রাগান্বিত অবস্থায় এলেন। তাকে জিজ্ঞাসা করলেন, তুমি ওদেরকে ফিরিয়ে দিয়েছ কেন? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কি শোনেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিন ব্যক্তিকে আল্লাহ দায়মুক্ত করেছেনঃ ঘুমন্ত ব্যক্তিকে, যতক্ষণ সে জাগ্রত না হয়, শিশুকে, যতক্ষণ সে প্রাপ্তবয়স্ক না হয়, অপ্রকৃতিস্থাকে, যতক্ষণ সুস্থ মস্তিষ্ক না হয়। উমার রাদিয়াল্লাহু আনহু বললেন, হাঁ, শুনেছি। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এ মহিলা অমুক গোত্রের অপ্রকৃতিস্থ মহিলা। হয়তো কোন পুরুষ তার কাছে এমন অবস্থায় এসেছে যখন সে অপ্রকৃতিস্থ ছিল। উমার রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি জানি না। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিও জানি না। অগত্যা উমর রাদিয়াল্লাহু আনহু তাকে আর পাথর মেরে হত্যা করলেন না।